এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩১ জনে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭৮ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা ৯৭ হাজার ছুঁইছুঁই। সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ঢাকা উত্তর সিটিতে ১ জন এবং ঢাকা বিভাগের (সিটি কর্পোরেশনের বাইরে) ১ জন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৫ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৩ জন, ঢাকা উত্তর সিটিতে ১০৪ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৮৮ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬০ জন রয়েছেন। এছাড়াও রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৩ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে, গত এক দিনে সারাদেশে ৫৯৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৯৪ হাজার ৬২ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৯৬ হাজার ৭০৬ জন। যাদের মধ্যে ৬৩ দশমিক ১০ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৯০ শতাংশ নারী। এছাড়াও এখন পর্যন্ত মৃত ৫৩১ জনের মধ্যে ৫১ দশমিক ৬০ শতাংশ নারী এবং ৪৮ দশমিক ৪০ শতাংশ পুরুষ।