কোটা সংস্কার আন্দোলনকারীদের তাড়া খেয়ে ক্যাম্পাস ছেড়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের অনেক নেতাকর্মী। গতকাল বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হলের সামনে তাদের ধাওয়া করেন আন্দোলনকারীরা।
ক্যাম্পাস ছেড়ে যাওয়া নেতাদের মধ্যে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবও রয়েছেন।
ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফুটেজ পাওয়া গেছে। তাতে দেখা যায়, মাদার বখ্শ হলের সামনে কয়েকজন সহযোগী নিয়ে অবস্থান করছেন গালিব। এ সময় শহীদ কামারুজ্জামান হলের পাশ দিয়ে আন্দোলনকারীদের একটি অংশ মাদার বখ্শ হলের দিকে এগোচ্ছিলেন। তাদের দেখে দ্রুত মোটরসাইকেলে উঠে স্টেশন বাজার এলাকা দিয়ে ক্যাম্পাস ত্যাগ করেন গালিব।
এদিকে আন্দোলনকারীরা গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ১০টি কক্ষে ভাংচুর চালান। এর মধ্যে হল প্রাধ্যক্ষ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কক্ষও রয়েছে। ভাংচুরের একপর্যায়ে আন্দোলনকারীরা ১০-১৫টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।
এদিকে বঙ্গবন্ধু হলের সামনে থেকে পুলিশের গাড়িতে করে ক্যাম্পাস ত্যাগ করেন রাবি ছাত্রলীগ সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুসহ কয়েক নেতাকর্মী।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম সাউদ বলেন, ‘আমরা সব পক্ষের সঙ্গে কথা বলেছিলাম। সাধারণ শিক্ষার্থীরা কোটা নিয়ে বিকাল ৩টায় আন্দোলন করার কথা ছিল। কিন্তু বঙ্গবন্ধু হলে অগ্নিসংযোগের বিষয়টি কখনই আশা করিনি। আমরা এ বিষয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’










