সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে আজ রোববার। সৌদির সঙ্গে মিল রেখে আজ বাংলাদেশের বিভিন্ন জেলায় স্থানীয়রা ঈদ উদযাপন করছেন। সকালে তারা নিজ নিজ এলাকায় জামাতে ঈদের নামাজ আদায় করেছেন। এ পর্যন্ত দেশের ১৯ জেলায় ঈদ উদযাপনের খবর পাওয়া গেছে। বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্যে ঈদ উদযাপনের চিত্র উঠে এসেছে।
মাদারীপুর
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে মাদারীপুরের ৩০ গ্রামের মানুষ ঈদুল ফিতর উদযাপন করছেন। সকাল ৯টায় মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের তাল্লুক গ্রামের তাল্লুক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাত পড়ান চরকালিকাপুর ফরাজী বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা সিদ্দিকুর রহমান। শরীয়তপুরের সুরেশ্বর দরবার শরিফের প্রতিষ্ঠাতা হজরত জান শরিফ শাহ্ সুরেশ্বরীর (রহ.) অনুসারীরা প্রায় দেড়শ বছর আগে থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা রাখেন।
ফরিদপুর
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার প্রায় ১৩ গ্রামে ঈদ উদযাপন হচ্ছে। উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের সহস্রাইল, দড়ি সহস্রাইল, ভুলবাড়িয়া, বারাংকুলা, বড়গাঁ, মাইটকুমড়া, গঙ্গানন্দপুর, রাখালতলী, কাটাগড়, কলিমাঝি, বন্ডপাশা, জয়দেবপুর ও দীঘিরপাড় গ্রামের কয়েক হাজার মানুষ আগাম রোজা পালন শুরু করেন।
নারায়ণগঞ্জ
ঈদুল ফিতর উদযাপন করছেন নারায়ণগঞ্জের ফতুল্লার কয়েকটি গ্রামবাসী। তারা ঈদুল ফিতরের নামাজও আদায় করেছেন। সকাল সাড়ে ৯টায় ফতুল্লার লামাপাড়া এলাকার শাহ সুফি মমতাজিয়া এতিমখানা ও হেফজখানা মাদ্রাসায় ঈদ জামাতের আয়োজন করা হয়। এতে ইমামতি করেন মুফতি মাওলানা আনোয়ার হোসেন শুভ। খুতবা পাঠ করেন মাওলানা শাহবুদ্দিন এবং মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ একেএম খাইরুল্লাহ। এছাড়া নারায়ণগঞ্জের সোনারগাঁর ২৩টি গ্রামে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন হানাফি (রা.) মাজহাবের অনুসারীরা। সকাল ৯টায় উপজেলার সনমান্দি ইউনিয়নের বাংলা বাজার এলাকায় গিরদান পশ্চিমপাড়া জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন দুই শতাধিক পরিবারের লোকজন। ঈদের জামাতে ইমামতি করেন মাওলানা ফারুক।
চট্টগ্রাম
সৌদি আরবের সঙ্গে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামের মির্জাখীল দরবার শরিফের অনুসারী শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়েছেন। সকাল ১০টায় মির্জাখীল দরবার শরিফের মাঠে অনুষ্ঠিত ঈদ জামাতের ইমামতি করেন দরবারের বড় শাহজাদা ড. মাওলানা মোহাম্মদ মকছুদুর রহমান। এক হাজারের অধিক মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ ও মোনাজাত আদায় করেছেন। এছাড়া দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ, লোহাগাড়া, বাঁশখালী, বোয়ালখালী, আনোয়ারা, হাটহাজারী, সন্দ্বীপ, ফটিকছড়ি, বান্দরবানের লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, কক্সবাজার সদর, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়ার বেশ কয়েকটি গ্রামে মির্জাখীল দরবার শরিফের অনুসারী ঈদ উদযাপন করছেন।
রাজশাহী
রাজশাহীর পুঠিয়া উপজেলার পৌরসভা এলাকার কৃষ্ণপুরে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা ৩০ মিনিটে কৃষ্ণপুর মুসলিম জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজের ইমামতি করেন স্থানীয় ইমাম রহিম গাজী।
সাতক্ষীরা
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে সাতক্ষীরার কয়েকটি গ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় সদর উপজেলার ভাড়ুখালী আহলে সুন্না আল জামাত জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা হাবিবুর রহমান। এছাড়া সাতক্ষীরা সদরের বাউখোলা, তালা উপজেলার জেঠুয়া, ইসলামকাঠি, শ্যামনগর উপজেলার গোয়াল চত্বরসহ জেলার বিভিন্ন স্থানে একই সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৭৬ বিঘিসহ শিবগঞ্জ উপজেলার কয়েকটি গ্রামের কিছু মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছেন। ৭৬ বিঘি আম বাগানে ঈদুল ফিতরের নামাজে ইমামতি করেন মাওলানা মোজাম্মেল হক।
লালমনিরহাট
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় কয়েকটি গ্রামের শতাধিক পরিবার ঈদুল ফিতর উদযাপন করছেন আজ। সকাল ৯টার দিকে উপজেলার মুন্সীপাড়ায় অনুষ্ঠিত নামাজে ইমামতি করেন মাওলানা ইমান আলী।
গাইবান্ধা
গাইবান্ধার পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলায় সহিহ হাদিস সম্প্রদায়ের মুসল্লিরা উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা গ্রামের মধ্যপাড়ায় নামাজ আদায় করেন। নামাজে ইমামতি ও খুৎবা পাঠ করেন হাফেজ মোহাম্মদ ওমর ফারুক।
চাঁদপুর
চাঁদপুরে সকাল ৮টায় হাজীগঞ্জের সাদ্রা গ্রামে ঈদের নামাজে ইমামতি করেন সাদ্রার পীরজাদা আরিফ উল্ল্যাহ চৌধুরী। এছাড়া পাল্লায় আরেকটি জামায়াতে ইমামতি করেন মাওলানা জাকারিয়া চৌধুরী। দুটি জামাতেই শত শত মুসল্লি উপস্থিত হন। দরবার শরিফ মাঠে অনুষ্ঠিত জামায়াতে ঈমামতি করেন পীরজাদা মাওলানা মুফতি জাকারিয়া চৌধুরী।
মৌলভীবাজার
সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ পড়েছেন মৌলভীবাজার জেলার শতাধিক পরিবারের মুসল্লি। সকাল ৭টায় মৌলভীবাজার শহরের সার্কিট হাউজ এলাকার আহমেদ শাবিস্তা নামক বাসায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজে বিভিন্ন এলাকা থেকে আগত নারী ও পুরুষ মুসল্লিরা অংশ নেন। নামাজে ইমামতি করেন আব্দুল মাওফিক চৌধুরী (পীর সাহেব উজান্ডি)।
দিনাজপুর
দিনাজপুরের ছয় উপজেলায় বিভিন্ন স্থানে একদিন আগেই পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। ঈদ উদযাপন কমিটির সভাপতি মোকবুল হোসেন জানান, এবার জেলার ১৩ উপজেলার বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
ভোলা
সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোববার ঈদুল ফিতর উদযাপন করছেন ভোলার সাত উপজেলার ১৫ গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষ। প্রতি বছরের মতো এবারো ভোলার সুরেশ্বরী দরবার শরিফ ও সাতকানিয়ার মির্জাখীল দরবার শরিফ অনুসারীরা ঈদ উদযাপন করছেন।
শরীয়তপুর
শরীয়তপুরে চাঁদ দেখার ওপর নির্ভর করে অন্তত ৩০টি গ্রামের সুরেশ্বরীর (রহ.) ভক্ত-অনুসারীরা ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। সকালে নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরিফের মাঠে হাজারো মুসল্লি ঈদের নামাজ আদায় করেন।
লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, হোটাটিয়া, শরশোই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপা ও সদর উপজেলার বশিকপুরসহ ১১টি গ্রামের সহস্রাধিক মুসল্লি ঈদুল ফিতর উদযাপন করছেন। রামগঞ্জ দক্ষিণ-পূর্ব নোয়াগাঁও ঈদগাহ ইমামতি করেন ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক ও পঞ্চায়েত বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা মো. আমিনুল ইসলাম খান।
বরিশাল
বরিশাল বিভাগের ৭৫টি মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। তারা চট্টগ্রামের চন্দনাইশ এলাহাবাদ জাহাগীরিয়া শাহসুফি দরবার শরিফের অনুসারী। নগরীর সাতটিসহ এবং বিভাগের ৭৩টি মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।
বরগুনা
সৌদি আরবের সঙ্গে মিল রেখে বরগুনার ১৬ গ্রামে উদযাপন হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। সকাল সাড়ে ৮টায় বেতাগী উপজেলার বকুলতলী গ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামায়াতে ইমামতি করেন হাফেজ মো. রমজান আলী।
টাঙ্গাইল
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার শশীনাড়া গ্রামে ঈদ উদযাপন করছেন ৪০টি পরিবার। সকাল ৮টায় স্থানীয় মসজিদের মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এ সময় ঈদের নামাজ পড়ান হাফেজ এরশাদ হোসেন। নামাজ শেষে বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়।
রংপুর
সৌদি আরবের সঙ্গে মিল রেখে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ঈদুল ফিতর উদযাপন করছে ১২০টি পরিবার। সকাল সাড়ে ৯টায় বড়বিল ইউনিয়নের বাগপুর পূর্ব মৌলভীপাড়া জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা আব্দুল বাতেন।










