কাতারের দোহায় অনুষ্ঠিত ষষ্ঠ ওআইসি শ্রম মন্ত্রী সম্মেলনের প্রথম দিনে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক শ্রম সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

‘স্থানীয় অভিজ্ঞতা, বৈশ্বিক অর্জন: ইসলামী বিশ্বে সাফল্যের গল্প’ শ্লোগান নিয়ে কাতারের দোহায় অনুষ্ঠিত হচ্ছে ষষ্ঠ ওআইসি শ্রম মন্ত্রী সম্মেলন। দুই দিনব্যাপী এ সম্মেলনে ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর শ্রমমন্ত্রী, আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, বিশেষজ্ঞ ও শিক্ষাবিদরা অংশগ্রহণ করছেন।

সম্মেলনের প্রথম দিনে বাংলাদেশ সময় দুপুর ১টায় বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান ও নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সঙ্গে পাকিস্তানের শ্রমমন্ত্রী চৌধুরী সালিক হুসাইনের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশ প্রবাসী শ্রমবাজার, বাণিজ্য সম্প্রসারণ, পর্যটন, শ্রমিক প্রশিক্ষণ ও দক্ষতা বিনিময়, জলপথ ও আকাশপথ যোগাযোগ, সংস্কৃতি ও সামাজিক সুরক্ষা ব্যবস্থায় সহযোগিতা জোরদারের বিষয়ে একমত হন। পাকিস্তানের শ্রমমন্ত্রী নিয়মিত শ্রমবিষয়ক সংলাপ ও প্রযুক্তিগত সহযোগিতার গুরুত্বও তুলে ধরেন।

দুই দেশ যৌথ প্রশিক্ষণ কর্মসূচি, মানবসম্পদ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শ্রমবাজার তথ্য বিনিময় ও অভিবাসী শ্রমিকদের কল্যাণে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। বৈঠকে বাংলাদেশ শ্রম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কাতারে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।