নারী উন্নয়নে অন্তর্ভুক্তিমূলক মানবিক সমাজ গঠনে ইসলামিক উম্মাহর পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। পাকিস্তানের ইসলামাবাদে আয়োজিত দুদিনব্যাপী নারী বিষয়ক নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে তিনি এ আহ্বাস জানান।

এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে, ইসলামাবাদের জিন্নাহ কনভেনশন সেন্টারে ১২-১৩ জুলাই এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ওআইসি সদস্যভুক্ত রাষ্ট্রগুলোর মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী বলেন, নারীর অগ্রগতি শুধু একটি সামাজিক লক্ষ্য নয় বরং মুসলিম উম্মাহর সম্মিলিত সমৃদ্ধির জন্য একটি কৌশলগত বিষয়। ওআইসি সর্বদাই নারীর ক্ষমতায়ন উদ্যোগের অগ্রভাগে রয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার নারীর অধিকারকে জাতীয় সংস্কার কর্মসূচির অন্যতম প্রধান ভিত্তি হিসেবে গ্রহণ করেছেন, যা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-এর সঙ্গে সরাসরি সামঞ্জস্যপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

মন্ত্রী ইসলামাবাদে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রী মুহাম্মদ ইসহাক দারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং দ্বিপক্ষীয় সম্পর্ক অটূট রাখার বিষয়ে আলোচনা করেন।

এছাড়া সম্মেলনের সাইড লাইনে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী সৌদি আরবের ফ্যামিলি অ্যাফেয়ার্স কাউন্সিলের মহাসচিব, তুরস্কের পরিবার ও সমাজ সেবা বিষয়ক মন্ত্রী, ইরানের নারী ও পরিবার বিষয়ক ভাইস প্রেসিডেন্ট, লিবিয়ার নারী বিষয়ক প্রতিমন্ত্রী, ইরাকের নারী ও পরিবার বিষয়ক ভাইস প্রেসিডেন্ট, মালদ্বীপের স্বাস্থ্য, পরিবার ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সোমালিয়ার পরিবার ও মানবাধিকার বিষয়ক মন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন।