স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাটের পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহ আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। তাকে ডিএমপির সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে আজ এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, ঢাকায় কর্মরত নিম্নবর্ণিত নিরস্ত্র পুলিশ পরিদর্শককে প্রশাসনিক কারণে ২৬ সেপ্টেম্বর অপরাহ্ণে সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তর, ডিএমপি, ঢাকায় সংযুক্ত (ক্লোজড) করা হলো।

আদেশে শাহ আলী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলমকে নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে উল্লেখ করে তার নতুন কর্মস্থল হিসেবে সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তর নির্ধারণ করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুর ১ নম্বর সেকশনে অবস্থিত বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। মধ্যরাতে কয়েকশ মানুষের হামলায় ৫০ বছরের বেশি সময় ধরে স্বাস্থ্যসেবা দিয়ে আসা প্রতিষ্ঠানটি ধ্বংসস্তূপে পরিণত হয়। এ ঘটনার পর স্থানীয় থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে। তবে জাহাঙ্গীর আলমকে প্রত্যাহারের বিষয়কে ‘প্রশাসনিক কারণ’ হিসেবে উল্লেখ করা হয় চিঠিতে।