বরেন্দ্র অঞ্চলের পরিবেশ, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, পানি সংকট মোকাবেলা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে উচ্চ পর্যায়ের নীতিনির্ধারণী সংলাপ। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এসএম জিয়াউদ্দিন হায়দার।
গতকাল সকালে ইয়ুথ ইন রিসার্চ অ্যান্ড অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জের (ইউরিচ) আয়োজনে রাজশাহী নগরীর তেরোখাদিয়ায় ভিক্টোরিয়া কনভেনশন হলে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে গণমাধ্যম সহযোগী ছিল বণিক বার্তা। অধ্যাপক ড. মুরশিদা ফেরদৌস ও মো. আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন রাজশাহী সিটি (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। রাসিক প্রশাসক বলেন, ‘বাংলাদেশের আবহাওয়া ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা নিয়েছে। বিশেষ করে রাজশাহীর মতো বরেন্দ্র অঞ্চলে অধিক হারে গাছ লাগাতে হবে। বৃক্ষরোপণের মাধ্যমে খরা মৌসুমে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখা সম্ভব হবে।’
প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এসএম জিয়াউদ্দিন হায়দার বলেন, ‘জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু। এটি মোকাবেলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকা আমাদের অধিকার। বিপন্ন জীবন ও প্রকৃতিকে সুরক্ষা দেয়া আমাদের সবার দায়িত্ব।’
অনুষ্ঠানে কি-নোট স্পিকার হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টাল সায়েন্সের পরিচালক অধ্যাপক মো. গোলাম মোস্তফা প্রবন্ধ উপস্থাপন করেন। সংলাপের দ্বিতীয় পর্বে প্যানেল আলোচনা শেষে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কৃষি, জেন্ডার, পানি সংকট, আদিবাসী জনগোষ্ঠী, স্বাস্থ্য, জীবিকা ও অর্থনীতি, খরা এবং তীব্র তাপপ্রবাহ ও শৈত্যপ্রবাহ—এ আটটি বিষয়ে বিদ্যমান সমস্যা, সংশ্লিষ্ট দাবি এবং সংকট মোকাবেলায় বিভিন্ন সুপারিশ তুলে ধরেন অংশগ্রহণকারীরা।
এর আগে প্যানেল আলোচনায় বরেন্দ্র অঞ্চলের পরিবেশ ও পানিসম্পদ রক্ষায় আটটি প্রধান অঙ্গীকার গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে ইউরিচের প্রতিষ্ঠাতা পরিচালক মেহেদী হাসান হৃদয় বলেন, ‘বরেন্দ্র অঞ্চলের পানির টেকসই ব্যবহার, সামাজিক ন্যায়বিচার ও স্থানীয় জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে “বরেন্দ্র ঘোষণা ২০২৬” বাস্তবায়ন জরুরি।’
সংলাপে আরো উপস্থিত ছিলেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম মন্ডল, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা হাবিবা, বাংলাদেশ বন শিল্প উন্নয়ন করপোরেশনের (বিএফআইডিসি) চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চের সহকারী পরিচালক মোসা. রউফা খানম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক কাজী রবিউল আলম, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক পারভেজ আজহারুল হক, নৃবিজ্ঞান বিভাগের রাদিয়া আউয়াল তৃষাসহ আমন্ত্রিত অতিথিরা।










