রংপুর জেলা স্টেডিয়ামসহ দেশের সব জেলা স্টেডিয়াম, সুইমিং পুল, ইনডোর স্টেডিয়াম ও জিমনেসিয়াম পর্যায়ক্রমে সংস্কার ও আধুনিকায়ন করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। একই সঙ্গে আগামী পাঁচ বছরের মধ্যে দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

গতকাল রংপুর জেলা স্টেডিয়াম পরিদর্শনকালে স্থানীয় ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

এ সময় সংরক্ষিত নারী সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সি, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সামছুজ্জামান সামু, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি নাজমুল আলম নাজু, জেলা প্রশাসনের প্রতিনিধি, বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, সাংবাদিক ও স্থানীয় ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।

গতকাল দুপুরে নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের হাজীপাড়া এলাকায় ইমপ্যাক্ট (ফেজ-৩) প্রকল্পের আওতায় পরিবেশবান্ধব ও জ্বালানিসাশ্রয়ী বায়োগ্যাস প্লান্ট স্থাপন প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে আমিনুল হক খেলাধুলার ক্ষেত্রে বর্তমান সরকারের লক্ষ্য সম্পর্কে বলেন, ‘খেলাধুলাকে বর্তমান সরকার পেশাদারি পর্যায়ে নিয়ে যেতে চায়। এ লক্ষ্যে নতুন করে খেলাধুলার কার্যক্রম শুরু করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের মধ্যে ছোট থেকেই খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে চতুর্থ শ্রেণীর পাঠ্যপুস্তকে খেলাধুলার একটি আলাদা অধ্যায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।’

এর আগে তিনি প্রধান অতিথি হিসেবে বায়োগ্যাস প্লান্টের উদ্বোধন করেন এবং পাঁচজন উদ্যোক্তার হাতে ঋণের চেক তুলে দেন।

এ সময় নীলফামারীর জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির, সৈয়দপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকলিমা, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।