রাজধানী প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ পণ্য বিক্রয় উৎসব ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আগামী ডিসেম্বরে বসছে এ মেলা। আকর্ষণীয় ছাড়ে মানসম্মত পণ্য ক্রেতাদের দোরগোড়ায় পৌঁছে দিতে এ উদ্যোগ বলে জানিয়েছে আয়োজনকারী সংস্থা ইভেন্টকম, যার সহযোগী হিসেবে রয়েছে ভ্যানটোরা কমিউনিকেশনস লিমিটেড।
আজ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলার আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১০- ১২ ডিসেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এ মেলা রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
ডিসকাউন্ট ফেস্ট দেশী-বিদেশী আড়াই শতাধিক জনপ্রিয় ব্র্যান্ড ও ব্যবসায়িক প্রতিষ্ঠান অংশ নেবে। ক্রেতাদের জন্য থাকবে সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করার সুযোগ।
নির্বাচিত কিছু পণ্য ও সেবার ওপর এক্সাইটিং অফার, ফ্ল্যাশ সেল এবং সীমিত সময়ের বিশেষ মূল্যছাড়ের ব্যবস্থা থাকবে।
মেলায় বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কাসহ এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের ব্র্যান্ড অংশ নেবে বলে জানিয়েছে আয়োজক সংস্থা।
উৎসবের প্রকল্প পরিচালক ড. তসলিম আমিন শোভন জানান, এ আয়োজন দেশী-বিদেশী ব্র্যান্ড ও ক্রেতাদের মধ্যে অর্থবহ যোগাযোগ তৈরির একটি প্লাটফর্ম হিসেবে কাজ করবে।
হেড অব অপারেশন শফিকুল ইসলাম মনে করেন, এটি বাংলাদেশের রিটেইল, ব্র্যান্ড মার্কেটিং এবং কনজ্যুমার এনগেজমেন্টে এক নতুন অধ্যায়ের সূচনা করবে।
মেলায় নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। উৎসবের চিফ ফ্যাসিলিটেটর (উইমেন এম্পাওয়ারমেন্ট) জিন্নাত আরা বারী বলেন, এ প্লাটফর্মের মাধ্যমে নারী উদ্যোক্তারা তাদের ব্র্যান্ডকে সম্ভাব্য ক্রেতা ও করপোরেট অংশীদারদের সামনে উপস্থাপনের সুযোগ পাবেন।
সংবাদ সম্মেলনে আয়োজক সংস্থা জানায়, এখন থেকে প্রতিবছরই ঢাকা ডিসকাউন্ট ফেস্ট অনুষ্ঠিত হবে। ঢাকার সফল আয়োজনের পর আগামী বছর দেশের প্রধান বিভাগীয় শহরগুলোয়ও এই মেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে।
যেসব ব্র্যান্ড বা প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করতে আগ্রহী, তাদের জন্য বিশেষ সুযোগ রাখা হয়েছে। আগামী ১৬ জুলাইয়ের মধ্যে আর্লি বার্ড স্টল বুকিং করলে ফ্ল্যাট ৫০ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে বলে জানানো হয়েছে।










