স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম
বলেছেন, কৃষি নির্ভর বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষি। দেশকে এগিয়ে নিতে
কৃষির আধুনিকায়ন ছাড়া বিকল্প ব্যবস্থা নেই। উন্নত বিশ্বে কৃষির সব স্তরে উন্নত প্রযুক্তির
ছোঁয়া লাগলেও আমাদের দেশের কৃষি খাত বিশেষ করে খামার যান্ত্রিকীকরণে এখনো অনেক উন্নতির
সুযোগ রয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে তিন
দিনব্যাপী ১২তম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির
বক্তব্যে তিনি এ কথা বলেন। পল্লী উন্নয়ন একাডেমি,
বগুড়া ও লিমরা এক্সিবিশনস যৌথভাবে মেলার আয়োজন করেছে।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কৃষি ও
ভাগ্যাহত কৃষকদের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।
তিনি বলেন, প্রচলিত সনাতন ধারার কৃষি প্রযুক্তির পরিবর্তনে খামার
যান্ত্রিকীকরণের পাশাপাশি উন্নত প্রযুক্তি ও কলাকৌশলের সমন্বয় সাধন একান্ত প্রয়োজন।
মন্ত্রী কৃষি ও শিল্প খাত দেশের অর্থনীতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ
দুটি সেক্টর উল্লেখ করে বলেন, এ দুটি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার হলে দেশে সেবা
খাতের বিকাশ হবে।
মো. তাজুল ইসলাম বলেন, বাংলাদেশের কৃষি ও কৃষকের উন্নয়ন এবং এর উৎপাদনশীলতা
বৃদ্ধি ও ফসলের নিবিড়তা বৃদ্ধিতে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, কৃষি
ও কৃষি সংশ্লিষ্ট যন্ত্রপাতি উৎপাদক, প্রযুক্তি সম্প্রসারণকারী শিল্প ও প্রতিষ্ঠানগুলোর
অংশগ্রহণে এ প্রযুক্তি মেলা কৃষি খাতকে সমৃদ্ধ করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সিনিয়র
সচিব মোসাম্মাৎ হামিদা বেগম, বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়
মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ, পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ার মহাপরিচালক
মো. খুরশিদ ইকবাল রেজবী এবং লিমরার চেয়ারম্যান কাজী ছারোয়ার উদ্দিন।










