নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর জমি দখল
করে গড়ে তোলা সোহাগপুর টেক্সটাইল মিলের প্রায় ২ হাজার বর্গফুট সীমানা প্রাচীর ভেঙে
গুঁড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। পাশাপাশি নদীর পাঁচ একর জমি ওই
প্রতিষ্ঠানটির অবৈধ দখল থেকে মুক্ত করা হয়। এছাড়া নদী দখল করে বলগেট কারখানা
নির্মাণের অপরাধে মেহেদি এন্টারপ্রাইজ নামে এক ডকইয়ার্ড প্রতিষ্ঠানকে ৩০ হাজার
টাকা জরিমানাও করেন ভ্রাম্যমাণ আদালত।
নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপসচিব ও
নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান হাকিমের নেতৃত্বে গতকাল বেলা ১১টায় বন্দর
উপজেলার লক্ষ্মণখোলা এলাকায় শীতলক্ষ্যা নদীর পূর্বপাড়ে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় পাঁচটি সেমিপাকা ভবনসহ আরো ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া জব্দকৃত
অবৈধ মালামাল ২ লাখ ৮৬ হাজার টাকা নিলামে বিক্রি করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান
হাকিম জানান, সোহাগপুর টেক্সটাইল মিল কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে শীতলক্ষ্যা নদীর সীমানা
পিলারের বাইরে নদীর জমি দখল করে দুই হাজার বর্গফুটের প্রাচীর নির্মাণ করে। এছাড়াও
সীমানা প্রাচীরের অভ্যন্তরে নদীর জমি দখল করে অবৈধভাবে আরো প্রায় ৪০টি স্থাপনা
নির্মাণ করে প্রতিষ্ঠানটি। গতকাল অভিযান চালিয়ে তাদের প্রাচীরসহ সব অবৈধ স্থাপনা
ভেঙে দেয়া হয়েছে।
নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক
মাসুদ কামাল বলেন, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী শীতলক্ষ্যা নদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ
করা হচ্ছে। চার দিনব্যাপী উচ্ছেদ অভিযানে গত তিন দিনে অর্ধশত স্থাপনা উচ্ছেদ করা
হয়েছে।










