দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগের সাবেক সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন। আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এছাড়া দুজন কমিশনারও নিয়োগ পেয়েছেন। নতুন দুই কমিশনার হলেন মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ।

তিনি গত ৮ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন। গতকাল সোমবার (৯ ডিসেম্বর) তার পদত্যাগপত্র প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হয় এবং তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। পদত্যাগের কারণ হিসেবে আবদুল মোমেন ‘ব্যক্তিগত’ কারণের কথা উল্লেখ করেছেন।

রোববার বিশ্ব দুর্নীতিবিরোধী দিবসের আলোচনা সভা শেষে সাংবাদিকরা জানতে চাইল আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘দুদক আইনে অন্তবর্তী কোনো ব্যবস্থা নেই। যত দ্রুত সম্ভব কমিশন নিয়োগ দেয়া হবে।’ আর টিআইবির নির্বাহী পরিচালক ও দুদক সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান বলেছেন, সংস্কারের আগে কমিশন নিয়োগ দিলে প্রশ্ন উঠতে পারে।

আবদুল মোমেন ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধানমন্ত্রীর (খালেদা জিয়ার) সহকারী একান্ত সচিব ও পরিচালক, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক, কক্সবাজার জেলায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সমাজকল্যাণ অধিদপ্তরের পরিচালক, ঢাকার জেলা প্রশাসক, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক, অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, ঢাকা পরিবহন সমন্বয় বোর্ডের নির্বাহী পরিচালক, বিআরটিএ’র চেয়ারম্যান, বাংলাদেশ বিমানের এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন।

যুগ্মসচিব থাকার সময় ২০০৯ সালে আবদুল মোমেনকে ওএসডি করে আওয়ামী লীগ সরকার। পরে ২০১৩ সালের ৬ জুন তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল।

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৭ আগস্ট আবদুল মোমেনকে দুই বছরের চুক্তিতে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব পদে নিয়োগ দেয়া হয়। একই সঙ্গে তাকে সুরক্ষা সেবা বিভাগের দায়িত্বও দেয়া হয়।