২০২৬–২০২৭ মেয়াদের জন্য আজিজ আল কায়সার-কে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে মনোনীত করেছে ট্রাস্টি বোর্ড।

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনএসইউ জানায়, তাকে পুনরায় চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দেয়ার মাধ্যমে তার নেতৃত্ব, কৌশলগত দূরদর্শিতা এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির উন্নয়নে তাঁর অব্যাহত অবদানের প্রতি বোর্ডের আস্থার প্রতিফলন ঘটেছে। তার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে সুশাসন, প্রাতিষ্ঠানিক উন্নয়ন, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। স্বচ্ছতা, জবাবদিহিতা, উদ্ভাবন এবং টেকসই প্রাতিষ্ঠানিক উন্নয়নের প্রতি তার অঙ্গীকার বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য ও অগ্রযাত্রাকে আরো শক্তিশালী করেছে।

নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা তার সফল নেতৃত্বে বিশ্ববিদ্যালয় কৌশলগত লক্ষ্য অর্জনের পাশাপাশি দেশ-বিদেশে একটি শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আরো সুনাম অর্জন করবে বলে তারা আশা প্রকাশ করেন।

এ প্রসঙ্গে আজিজ আল কায়সার বলেন, নর্থ সাউথ ইউনিভার্সিটি দীর্ঘদিনের দূরদর্শী নেতৃত্ব, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের ফল। বোর্ড আমার ওপর আবারও আস্থা রাখায় আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এনএসইউ পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং আন্তর্জাতিক সহযোগিতাকে আরো এগিয়ে নিতে কাজ করে যাব।

এনএসইউ উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, আশা করি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানের নেতৃত্ব এনএসইউকে শিক্ষা, গবেষণা ও বৈশ্বিক সহযোগিতার ক্ষেত্রে আরো এগিয়ে নিয়ে যাবে।