বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম তানু ভূঁইয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন দলের নেতারা।

তাদের অভিযোগ, ক্ষমতাসীন দলের লোকেরা পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। সাহসী নেতাকর্মীদের দেশব্যাপী যে হত্যাকাণ্ড ঘটছে এটি তারই ধারাবাহিকতা বলে উল্লেখ করেন নেতারা। হত্যাকাণ্ডের প্রতিবাদে জেলায় চারদিনের কর্মসূচি ঘোষণা করে দলটি।

এদিকে হত্যাকাণ্ডের ২২ ঘণ্টা পেরিয়ে গেলেও পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। হত্যায় জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

গতকাল দুপুরে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। পরে বেলা ২টায় নিহত নূরে আলম তানু ভূঁইয়ার বাড়ির সামনে বাসাবাটি এলাকায় প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। বিকাল সাড়ে ৩টায় শহরের পুরনো বাজার মোড় এলাকায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে সরুই কবরস্থানে দাফন করা হয় তাকে।

দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীর নামাজে জানাজায় অংশ নিতে জাতীয়তাবাদী দল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির কেন্দ্রীয় নেতাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পুরনো বাজার মোড়ে জড়ো হয়ে হত্যাকারীদের বিচার দাবিতে ঝটিকা মিছিল করেন।

এ সময় জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আনিন্দ ইসলাম অমিত, সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান, খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা, বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, সাবেক সভাপতি এমএ সালাম প্রমুখ  উপস্থিত ছিলেন।