একই সঙ্গে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অংশকে ঢাকার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে গতকাল অনুষ্ঠিত নিকারের ১২১তম বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিকারের অনুমোদন অনুযায়ী, নতুন তিনটি উপজেলা হলো চট্টগ্রামের ‘ফটিকছড়ি উত্তর’, কুমিল্লার ‘বাঙ্গরা’ এবং ময়মনসিংহের ‘দক্ষিণ গফরগাঁও’। এছাড়া চট্টগ্রামে ‘হালদা’ নামে একটি নতুন থানা গঠনেরও অনুমোদন দেয়া হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা গঠন করা হবে। কুমিল্লার মুরাদনগর উপজেলাকে ভাগ করে গঠন করা হবে ‘বাঙ্গরা’ উপজেলা। আর ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে গঠিত হবে ‘দক্ষিণ গফরগাঁও’ উপজেলা। এছাড়া চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা’ থানা গঠন করা হবে।

বৈঠকে রাজউকের পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের আওতায় থাকা নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অংশ ঢাকার সঙ্গে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তও হয়। এতে রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্রশাসনিক জটিলতা দূর করতে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দুটি এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ১৪টি মৌজাসহ মোট ১৬টি মৌজা ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার সীমানা পুনর্গঠনের প্রস্তাব ওঠে। সরকারের মতে, প্রকল্প এলাকা বর্তমানে তিনটি জেলার মধ্যে বিভক্ত থাকায় নাগরিক সেবা, আইন-শৃঙ্খলা রক্ষা, ভূমি ব্যবস্থাপনা, উন্নয়ন সমন্বয় এবং অবকাঠামো নির্মাণে নানা ধরনের জটিলতা তৈরি হচ্ছে। এ কারণে পূর্বাচলকে একক প্রশাসনিক কাঠামোর আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে, যাতে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা আরো সহজ ও সমন্বিতভাবে বাস্তবায়ন করা যায়।

সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর পুনর্গঠনের প্রস্তাব অনুমোদন। সওজ অধিদপ্তরের অধীন সড়ক জোন, বগুড়া ও সড়ক সার্কেল, নওগাঁ-এর অফিস স্থাপনের লক্ষ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন সওজ অধিদপ্তর পুনর্গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌ-পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।