তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, রাজনৈতিক কর্মী হিসেবে আমরা জনগণের কল্যাণের জন্য একটা লক্ষ্য নির্ধারণ করতে পারি। কিন্তু নির্ধারিত সেই লক্ষ্যে পৌঁছাতে বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির উন্নয়নের পথটা কেমন হবে, সে নকশাটা বিশেষজ্ঞদের কাছ থেকেই আসতে হবে। আজ শনিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) ফিনিক্স সামিট ২০২৬ এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, আমরা এমন একটি সময়ে প্রবেশ করেছি যখন কেবল নিরাপত্তার বিষয়ই নয়, প্রতিটি ক্ষেত্রে প্রযুক্তি-নির্ভর ডিজিটাল ইকোসিস্টেম এবং কৃত্রিম বুদ্ধিমত্তার উপস্থিতি নিয়ে গভীরভাবে চিন্তা করতে হবে।

বর্তমানে নিরাপত্তার ধারণাও বদলে গেছে। আগে নিরাপত্তা বলতে সীমান্তের পাহারা বোঝাত, কিন্তু এখন সময় পুরো ব্যাপারটিকে একটি সফট ইকোসিস্টেমের মধ্যে নিয়ে এসেছে। এই নতুন ইকোসিস্টেমের তুলনায় আমাদের দেশ এখনো অনেক বেশি নিরুদ্বেগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সামিটের উদ্ভাবনী চিন্তা দিয়ে দেশের সামগ্রিক সাইবার ইকোসিস্টেমের উন্নয়নে তথ্য মন্ত্রণালয় ও সরকারকে পরামর্শ দেওয়ার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।

এ সময় আরো বক্তৃতা দেন টিম ফিনিক্স গ্রুপের ফাউন্ডার ও চিফ অব রিসার্চ এএসএম শামীম রেজা, ইউনিভার্সিটি অব লন্ডনের অধীনস্ত রয়্যাল হলোওয়ের সেন্টার অব এক্সেলেন্স-এর ডিরেক্টর ফাওজিয়া ইদ্রিস, থিম্পু টেক পার্কের সিপিও কিনলে শেরিং, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম ও অ্যাকজেনটেকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আদিল হোসেন নোবেল।

ফাওজিয়া ইদ্রিস বলেন, যুক্তরাজ্যের শীর্ষ ইভেন্ট সাইবার ইউকের সাথে এখানকার সচেতনতা ও স্পিরিটের কোনো পার্থক্য নেই। দেশের সবচেয়ে বড় সম্পদ হলো তরুণ প্রজন্ম।

তিনি সরকারকে শিক্ষা ও ডিজিটাল লিটারেসিতে বিনিয়োগের আহ্বান জানান।

এএসএম শামীম রেজা বলেন, ফিনিক্স সামিট ঢাকা ২০২৬ বাংলাদেশের সাইবার নিরাপত্তা ইকোসিস্টেমকে আরও শক্তিশালী ও সমন্বিত করার একটি যৌথ উদ্যোগ। এই সামিটে যে জ্ঞান-বিনিময়, সহযোগিতার সুযোগ এবং নতুন ধারণার সৃষ্টি হয়েছে, তা আগামী দিনে বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা ও সহনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কিনলে শেরিং রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত হোয়্যার দি মাইন্ড ইজ উইদাউট ফিয়ার কবিতার উদ্ধৃতি দেন। তিনি বলেন, এই কবিতায় মুক্ত এবং সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে দেশকে জাগ্রত করার কথা বলা হয়েছে, ফিনিক্স টিম ঠিক সেই স্পিরিট নিয়েই কাজ করছে।

অনুষ্ঠানে সাইবার নিরাপত্তা খাতে উল্লেখযোগ্য অবদান এবং ভবিষ্যৎ প্রজন্মের নারীদের অনুপ্রাণিত করার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) উপমহাব্যবস্থাপক (ডোমেইন) জয়ীতা সেন রিম্পীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

এ ছাড়া, সাইবার নিরাপত্তা খাতে আজীবন নেতৃত্ব, নিষ্ঠা ও অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ফাইবার অ্যাট হোমের প্রধান তথ্য কর্মকর্তা সুমন আহমেদ সাবিরকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।