বেসরকারি খাতের বিনিয়োগ পুনরুজ্জীবিত করতে কার্যকর মুদ্রানীতি ও রাজস্বনীতির মধ্যে আরো শক্তিশালী সমন্বয়ের আহ্বান জানিয়েছে বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড)। সংগঠনটির মতে, বর্তমানে বাংলাদেশ ব্যাংকের সংকোচনমূলক মুদ্রানীতি এবং জাতীয় বাজেটে ঘোষিত সম্প্রসারণমূলক রাজস্বনীতির মধ্যে যথাযথ সামঞ্জস্য না থাকায় বিনিয়োগ, কর্মসংস্থান ও শিল্প প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন বাধাগ্রস্ত হতে পারে।
২০২৬-২৭ অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি (এমপিএস) নিয়ে আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক প্রতিক্রিয়ায় বিল্ড এসব কথা জানায়। সংগঠনটি বলেছে, নতুন অর্থবছরে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা অর্জনে বেসরকারি খাতের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে রফতানি খাত নেতিবাচক প্রবৃদ্ধির মধ্যে থাকায় কঠোর মুদ্রানীতি ব্যবসা সম্প্রসারণ নিরুৎসাহিত করতে পারে এবং বিনিয়োগকারীদের আস্থা দুর্বল করতে পারে।
বিল্ডের মতে, এমপিএসে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হলেও সরকারি খাতে তা ২১ দশমিক ৮ শতাংশ। এ বৈষম্য 'ক্রাউডিং আউট' প্রভাব বাড়িয়ে বেসরকারি খাতের ঋণপ্রাপ্তি আরো সীমিত করতে পারে। পাশাপাশি নীতি সুদহার ১০ শতাংশ, স্ট্যান্ডিং ল্যান্ডিং ফ্যাসিলিটি ১১ দশমিক ৫ শতাংশ এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি ৭ দশমিক ৫ শতাংশ থাকায় বাণিজ্যিক ব্যাংকের ঋণের সুদ ১৪ থেকে ১৭ শতাংশে পৌঁছেছে, যা শিল্পের প্রতিযোগিতা সক্ষমতায় নেতিবাচক প্রভাব ফেলছে।
সংগঠনটি আরো বলেছে, বর্তমানে মূল্যস্ফীতির মূল কারণ অতিরিক্ত চাহিদা নয়; বরং সরবরাহব্যবস্থার সীমাবদ্ধতা, কৃষিপণ্যের সরবরাহ শৃঙ্খলের দুর্বলতা, বাজারের অদক্ষতা, বিনিময় হারের অস্থিরতা ও কাঠামোগত সমস্যা। তাই শুধু কঠোর মুদ্রানীতির মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়।
বিল্ড সুপারিশ করেছে, ধীরে ধীরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি অন্তত ১৫ শতাংশে উন্নীত করা, ঋণের সুদহার ব্যবধান ৫ দশমিক ৭২ শতাংশ থেকে কমিয়ে ২ দশমিক ৫ শতাংশে আনা এবং সিএমএসএমই, রফতানিকারক ও উৎপাদনমুখী শিল্পে ঋণপ্রবাহ বাড়ানোর উদ্যোগ নেয়া উচিৎ।
সংগঠনটি সরকারের ৬০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন কর্মসূচিকে স্বাগত জানিয়ে বলেছে, এ তহবিল স্বচ্ছভাবে বাস্তবায়ন এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের অগ্রাধিকার নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে 'রুগ্ন শিল্প' সহায়তা তহবিল ও সৃজনশীল অর্থনীতির জন্য বরাদ্দের ক্ষেত্রে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নেরও আহ্বান জানিয়েছে বিল্ড।










