করোনা সংক্রমণের ১০৪তম দিনে বাংলাদেশে করোনার সংক্রমণ ক্রমেই বেড়ে চলেছে। গত ৮ মার্চ দেশে প্রথম তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। তাদের মধ্যে নারায়ণগঞ্জেরই ছিলেন দুজন। দ্রুতই নারায়ণগঞ্জে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১১৮ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৪৯০। নতুন করে একজনসহ জেলায় মোট মৃত্যুর সংখ্যা এখন ১০০।
গতকাল নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা. ইমতিয়াজ আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেন।
জেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যমতে, জেলায় গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৩৬৭ জনের। মোট নমুনা সংগ্রহ করা হয় ২১ হাজার ৪৯৮ জনের। আর নতুন করে ১১৮ জন আক্রান্ত হয়েছেন। জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪৯০ জন। আর মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৯৮৬ জন।
এলাকাভিত্তিক মোট আক্রান্ত হয়েছেন আড়াইহাজার উপজেলায় ৪৩৮ জন, বন্দর উপজেলায় ১৪১, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ১ হাজার ৫৫২, রূপগঞ্জ উপজেলায় ৮৪৯, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ১ হাজার ১৩০ জন ও সোনারগাঁ উপজেলায় ৩৮০ জন।
এলাকাভিত্তিক মৃতের সংখ্যা আড়াইহাজারে ৩ জন, বন্দরে ৩, সিটি করপোরেশন এলাকায় ৫৮, রূপগঞ্জে ২, সদর উপজেলায় ২১ ও সোনারগাঁ উপজেলায় ১৩ জন।










