দুই দিন ধরে ভোর থেকে ঘন কুয়াশার চাদরে মোড়ানো থাকছে উত্তরাঞ্চল। তাপমাত্রা বাড়লেও কুয়াশার বরফ শিশির ও প্রবাহিত হিমেল হাওয়ার শীতে কাঁপছে এ জনপদ। দিনের তাপমাত্রা কমে যাওয়ায় রাত হয়ে উঠছে বরফের মতো শীত। এ অবস্থায় বুধবার (১১ ডিসেম্বর) সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে আগামী সপ্তাহ থেকে শীতের তীব্রতা আরো বাড়ার আভাস দিয়েছে সংস্থাটি

আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ছিল নওগাঁর বদলগাছীতে। সকালে ঢাকায় তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ছিল কক্সবাজারে।

এসব তথ্য নিশ্চিত করেছেন আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা। তিনি জানান, আগামী সপ্তাহ থেকে শীতের তীব্রতা আরও বাড়তে পারে। এই সপ্তাহের বাকি দিনগুলোতে উত্তরাঞ্চলে ভারী কুয়াশা পড়া অব্যাহত থাকবে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-উত্তর পূর্বাংশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বিরাজমান লঘুচাপটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।