নারায়ণগঞ্জ নগরীর সিদ্ধিরগঞ্জে অনুমোদন ছাড়াই আমদানি করা গবাদিপশুর ৬৫০ কেজি প্যাকেটজাত মাংস জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গত রোববার রাতে আদমজী বিহারি ক্যাম্প এলাকা থেকে এসব মাংস জব্দ করা হয়। এ ঘটনায় মো. সামির নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল র্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, জব্দৃকত মাংসের প্যাকেটের গায়ে আমদানিকারক প্রতিষ্ঠান হিসেবে তারেক ট্রেডার্স ও ইগলু লেখা থাকলেও মো. সামির এসব কোম্পানির অনুকূলে প্রাণিসম্পদ অধিদপ্তরের কোনো ছাড়পত্র দেখাতে পারেননি। আইন অনুযায়ী মাংস প্যাকেটজাত করা থেকে ভোক্তার কাছে পৌঁছা পর্যন্ত ফ্রিজিং চেইন রাখার বিধান থাকলেও তা অমান্য করে নন-ফ্রিজিং গাড়িতে এসব মাংস পরিবহন করা হয়েছে। মো. সামির ভ্রাম্যমাণ আদালতে হাজির করার পর অভিযোগও স্বীকার করেন। এ কারণে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং জব্দকৃত মাংস ধ্বংস করার নির্দেশ দেন।










