রাঙ্গামাটিতে পাহাড় কাটার ঘটনায় অবশেষে নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। গতকাল বিকালে রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমা বিনতে আমীন জেলা শহরের রাঙাপানি সাধনাপুর এলাকায় পাহাড় কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা ও জরিমানা করেন। দণ্ডিতরা হলেন মোহন চান দেওয়ান ও রনেল দেওয়ান। এর মধ্যে মোহন চান দেওয়ানকে ৫০ হাজার ও রনেল দেওয়ানকে ২০ হাজার টাকা জরিমানাসহ দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে রাঙ্গামাটি সদর ইউএনও নাজমা বিনতে আমীন বলেন, জেলা শহরের সাধনাপুর এলাকায় পাহাড় কাটার কথা জেনে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। অভিযানে পাহাড় কাটার দায়ে অভিযুক্ত মোহন চান দেওয়ানকে ৫০ হাজার ও রনেল দেওয়ানকে ২০ হাজার টাকা জরিমানাসহ দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া সেখানে সতর্কমূলক পোস্টার টানানো হয়েছে।
ইউএনও বলেন, আমরা অভিযুক্ত আরেকজনের কথা জেনেছি। তাকে এবার পাওয়া যায়নি। তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। পাহাড় কাটা ও পরিবেশ বিধ্বংসী কাজে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের তত্পরতা অব্যাহত থাকবে ।
গত ২৮ জানুয়ারি বণিক বার্তায় ‘ইচ্ছামতো পাহাড় কাটা চলছে, জানে না রাঙ্গামাটির প্রশাসন’
শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের পরপরই নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। এরই পরিপ্রেক্ষিতে গতকাল বিকালে অভিযুক্ত দুজনের বিরুদ্ধে মামলা ও জরিমানা আদায় করা হয়েছে।










