লাইসেন্সবিহীন দুটি ভুয়া ট্রাভেল এজেন্সির কার্যক্রম বন্ধ এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়। আজ রোববার (৮ ডিসেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের হজ-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে পাঠানো হয়।
ধর্ম মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, আকবর হজ গ্রুপ বাংলাদেশ এবং আকবর ট্রাভেল ইন্টারন্যাশনাল নামে দুটি প্রতিষ্ঠান ফেসবুক পেজ খুলে হজযাত্রী সংগ্রহের নামে প্রতারণা করছে। এসব প্রতিষ্ঠান বৈধ হজ এজেন্সির তালিকায় নেই এবং হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন ২০২১ ও বিধিমালা ২০২২ অনুসারে তাদের কার্যক্রম সম্পূর্ণ অবৈধ। এ আইন অনুযায়ী, একাধিক এজেন্সি মিলে গ্রুপ গঠনের কোনো সুযোগ নেই।
চিঠিতে আরো উল্লেখ করা হয়, ২০২৫ সালের হজ উপলক্ষে ওই দুই প্রতিষ্ঠান অবৈধভাবে গ্রুপ খুলে হজযাত্রীদের প্রলুব্ধ করছে। তারা ৫ লাখ ৩ হাজার টাকার প্যাকেজে হারাম শরীফ থেকে মাত্র ৭০০ মিটার দূরে থাকার ব্যবস্থা, উন্নত মানের সেবা এবং ফাইনাল নিবন্ধনের সঙ্গে ২০ হাজার টাকা ক্যাশব্যাকের প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। এমনকি সারা দেশে প্রতিনিধি নিয়োগ করে হজযাত্রী সংগ্রহের প্রচারণা চালাচ্ছে।
ধর্ম মন্ত্রণালয়ের দাবি, আকবর হজ গ্রুপ বাংলাদেশ এবং আকবর ট্রাভেল ইন্টারন্যাশনালের কার্যক্রম বন্ধ না করা হলে হজের নামে বড় ধরনের প্রতারণার আশঙ্কা রয়েছে। এ কারণে তাদের অফিস বন্ধ করার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, নিরীহ হজযাত্রীদের প্রতারণা থেকে রক্ষা করতে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়া জরুরি।










