ইট ভাটায় জ্বালানি হিসেবে কোনোভাবেই কাঠ পোড়ানো যাবে না বলে সতর্ক করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। আজ বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ব্রিকস ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ইটের বিকল্প এখনো পুরোপুরি তৈরি হয়নি। তাই ইট ভাটা বন্ধ না করে কিভাবে তা থেকে সৃষ্ট দূষণ কমানো যায়- সেদিকে দৃষ্টি দিতে হবে।
মন্ত্রী আরো বলেন, ইট বানাতে জমির উপরিভাগের মাটি ব্যবহার করা হলে জমির উর্বরতা নষ্ট হয়। ফলে আবাদযোগ্য জমির পরিমান দিন দিন কমছে। এর বিকল্প ব্যবস্থা নিয়ে আমাদের ভাবতে হবে।
সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, অবৈধ ইট ভাটার বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না।
উচ্চমাত্রার সালফার সমৃদ্ধ কয়লা ইট ভাটায় ব্যবহারের ফলে পরিবেশ দূষিত করে। তাই কয়লা ব্যবহারের ক্ষেত্রে গুণগত মানের নীতিমালা করা জরুরি বলেও মন্তব্য করেন পরিবেশ প্রতিমন্ত্রী।
বাংলাদেশ ব্রিকস ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি ফিরোজ হায়দার খান এবং মহাসচিব মমিনউল্লা খানের নেতৃত্বে দেশের বিভিন্ন জেলার উপদেষ্টা ও সহ-সভাপতিসহ একটি প্রতিনিধিদল সভায় অংশ নেন।
সভায় টেকসই ও পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে ইট উৎপাদন এবং পরিবেশ দূষণ কমিয়ে আনার ওপর বিশেষ জোর দেয়া হয়, পাশাপাশি অ্যাসোসিয়েশনের নেতারা তাদের বিভিন্ন দাবি ও প্রস্তাবনা তুলে ধরেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. সাইদুর রহমান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. লুৎফর রহমান, অতিরিক্ত মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।










