ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, ধর্ম যার যার, দেশটা সবার—এ চেতনাকে ধারণ করে আমাদের সবাইকে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করা কোনোভাবেই কাম্য নয়।

গতকাল টাঙ্গাইলের ধনবাড়ীতে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ৩৬টি পূজামণ্ডপে ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ সহায়তা এবং সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা ও পৌর বিএনপি কার্যালয়ে এর আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, ‘রাজনীতির মাধ্যমে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা থেকে সবাইকে বিরত থাকতে হবে।’ গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থন ও ভালোবাসা তাদের অনুপ্রাণিত করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘যারা মানুষের পাশে থাকবে এবং তাদের উন্নয়ন ও অধিকার রক্ষায় কাজ করবে, জনগণ তাদের সমর্থন দেবে—এটাই গণতান্ত্রিক অধিকার।’

ফকির মাহবুব আনাম আরো বলেন, ‘দুর্গা পূজাসহ সব ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ, আনন্দমুখর ও সম্প্রীতির পরিবেশে উদ্‌যাপনের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরো সুদৃঢ় করতে হবে।’

শারদীয় দুর্গা পূজা উপলক্ষে প্রধানমন্ত্রী ও তার পরিবারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও কল্যাণ কামনায় সবার কাছে দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করেন।