বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের (ইউএসএআরপিএসি) যৌথ অংশগ্রহণে ‘এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৪’-এর উদ্বোধনী অনুষ্ঠান গতকাল রাজেন্দ্রপুর সেনানিবাসের বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ে (বিপসট) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লে. জেনারেল মো. মজিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনুশীলনের উদ্বোধন করেন। 

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, ‘শান্তিরক্ষা মিশন এলাকায় উদ্ভূত প্রতিকূল নিরাপত্তা পরিবেশ পরিস্থিতির সঠিক মূল্যায়ন, কার্যকর পরিকল্পনা প্রণয়ন ও আকস্মিক চ্যালেঞ্জ মোকাবেলায় ত্বরিত ব্যবস্থা গ্রহণে অংশগ্রহণকারীদের দক্ষ করে গড়ে তোলার উদ্দেশ্যেই শান্তি সহায়তা কার্যক্রমের ওপর এ অনুশীলনের আয়োজন করা হয়েছে।  পাশাপাশি এ অনুশীলনে উভয় দেশের বিশেষজ্ঞদের মধ্যে ইউএস মিলিটারি ডিসিশন মেকিং প্রসেস (এমডিএমপি) ও ইউএন মিলিটারি প্ল্যানিং প্রসেস (এমপিপি) বিষয়ে একটি কমান্ড পোস্ট এক্সারসাইজ (সিপিএক্স) পরিচালিত হবে। অনুশীলনের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর নির্বাচিত সদস্যদের কাউন্টার ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (সিআইইডি) এবং ট্যাকটিক্যাল কমব্যাট ক্যাজুয়ালটি কেয়ার (টিসিসিসি) ইত্যাদি বিষয়ের ওপর জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের আয়োজন করা হবে।’

যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের পক্ষ থেকে লে. কর্নেল জসুয়া লং এ অনুষ্ঠানে বিশেষ অতিথি  ছিলেন। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন বিপসটের কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা বিধান, সন্ত্রাস দমন, দুর্যোগ ব্যবস্থাপনা, মানবিক সহায়তা ইত্যাদি বিষয়ে নিবিড় সহযোগিতা বিদ্যমান। বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো বৈশ্বিক হুমকি মোকাবেলায় বদ্ধপরিকর এবং সব সময়ই যুক্তরাষ্ট্রসহ অন্যান্য অংশীদারদের সঙ্গে সমবেতভাবে কাজ করে আসছে। এক্ষেত্রে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় অনুশীলন পরস্পরের মধ্যে দক্ষতা ও জ্ঞানের সমন্বয় সাধন ও অভিজ্ঞতার বিনিময়ে উল্লেখযোগ্য অবদান রাখে। সেই লক্ষ্য সামনে রেখে ২০১৭ ও ২০২১ সালে টাইগার লাইটনিং-১ ও ২ যুক্তরাষ্ট্রে এবং ২০২২ ও ২০২৩-এ টাইগার লাইটনিং-৩ ও ৪ বাংলাদেশে আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় এবারের অনুশীলনটি পঞ্চমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে। —আইএসপিআর