মুক্তিযুদ্ধের ওপর আরো নাটক হওয়া দরকার বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। তিনি বলেন, ‘লালজমিনের মতো মুক্তিযুদ্ধভিত্তিক নাটক আরো মঞ্চায়িত হলে সেটি আমাদের নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে সহায়তা করবে। আমাদের নাট্যাঙ্গনকে সমৃদ্ধ করবে।’
রোববার (২১ এপ্রিল) রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে মঞ্চ নাটক 'লালজমিন'র মঞ্চায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, ‘মুক্তিযুদ্ধ একদিকে যেমন আমাদের স্বাধীনতা এনেছে, তেমনি মুক্তিযুদ্ধের সময় অনেক কিছু সৃষ্টি হয়েছে। মুক্তিযুদ্ধের গানগুলো এখনো যখন বাজে তখন আমরা থমকে দাঁড়াই। সেগুলোর কখনো তুলনা হয় না। মুক্তিযুদ্ধের সময় অনেক গল্প লেখা হয়েছে, মুক্তিযুদ্ধ নিয়ে অনেক গল্প লেখা হয়েছে। যেগুলো আমাদের সাহিত্যকে সমৃদ্ধ করেছে।’
ড. মাহমুদ বলেন, ‘আগামীতে বিদেশী কূটনৈতিকদের সামনে 'লালজমিন' নাটকটি মঞ্চায়িত করার উদ্যোগ নেয়া হবে। এতে কূটনৈতিকরা আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারবে।
এ সময় দেশে নাটকের বিস্তার ও নাট্য আন্দোলনকে শক্তিশালী করার বিষয়ে ব্যক্তিগত প্রচেষ্টা ও অনুভূতির কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'লালজমিন' নাটকটি নাট্যঙ্গনকে সমৃদ্ধ করেছে।
সংসদ সদস্য হাবিবুর রহমান, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, ফরেন অফিস স্পাউসেস অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক নুরান ফাতিমা ও সভাপতি ফাহমিদা জাবীন, অবসরপ্রাপ্ত কূটনীতিকরা, অভিনেত্রী মোমেনা চৌধুরী, নাট্য নির্দেশক সুদীপ চক্রবর্তীসহ থিয়েটারের সদস্যরা, দেশের প্রথিতযশা নাট্য নির্মাতা ও অভিনয় শিল্পীগণ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ও তথ্য অধিদফতরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।










