নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল
এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিরাজুল ইসলাম (৩২) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন।
গতকাল ভোরে শিমরাইল ইউটার্ন এলাকায় এ ঘটনা ঘটে। সিরাজুল ঝিনাইদহের মহেশপুর থানার
কৈখালীপাড়া এলাকার মো. মনু মিয়ার ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার
পরিদর্শক (তদন্ত) মো. আজিজুল হক বলেন, ভোরে ফতুল্লার শিয়াচর এলাকা থেকে ট্রাকটি কার্টন নিয়ে
আশুলিয়ার উদ্দেশে রওনা হয়। পথে ওই কার্টন কারখানার ম্যানেজারকে ট্রাকে তোলার জন্য
শিমরাইলের ইউটার্ন এলাকায় থামেন সিরাজুল। এ সময় তিন ছিনতাইকারীরা তার টাকা ও
মোবাইল ছিনিয়ে নিতে চাইলে সিরাজুল তাদের বাধা দেয়ার চেষ্টা করেন। ধস্তাধস্তির এক
পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে ট্রাকের হেলপার রাজু ও
স্থানীয়রা সিরাজুলকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। পরে তাকে ঢাকা
মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।










