নারায়ণগঞ্জ আদালতপাড়া থেকে বিপুল পরিমাণ জাল রেভিনিউ স্ট্যাম্প উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল দুপুরে আদালতপাড়ার পাঁচটি ফটোকপির দোকানে অভিযান চালিয়ে এসব জাল স্ট্যাম্প জব্দ করা হয়। এ সময় তিনজনকে আটক করা হয়। এছাড়া অভিযানের সময় ভুয়া নিবন্ধন করে বিয়ে পড়ানোর অভিযোগে ওই এলাকা থেকে এক ভুয়া কাজিকেও আটক করে র্যাব।

আটককৃতরা হলেন মো. ইসমাইল (৩৮), মো. শফিকুল ইসলাম (৪৮), মো. চঞ্চল হোসেন (২৮) ও ভুয়া কাজি কবির হোসেন (৪০)।

র্যাব-১১-এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী জানান, নারায়ণগঞ্জ আদালতপাড়ায় একটি চক্র জাল রেভিনিউ স্ট্যাম্প ব্যবহার ও বিক্রি করছে বলে আমাদের কাছে অভিযোগ ছিল। অভিযোগের সূত্র ধরে অনুসন্ধান চালিয়ে সত্যতা পেয়ে র্যাব পাঁচটি ফটোকপি দোকানে অভিযান চালায়। এ সময় এসব দোকান থেকে বিপুুল পরিমাণ জাল রেভিনিউ স্ট্যাপ উদ্ধার করা হয়। অভিযানে এসব জাল স্ট্যাম্প বেচাকেনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। অভিযান চলাকালে জাল বিয়ে নিবন্ধনের বেশ কয়েকটি নথিপত্রসহ এক ভুয়া কাজিকেও আটক করা হয়।