থার্টি ফার্স্ট নাইট উদযাপনে নিরাপত্তা নিশ্চিত করতে ফানুস ওড়ানো এবং আতশবাজি নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। পাশাপাশি বারগুলোও বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
আজ রোববার (৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, থার্টি ফার্স্ট নাইটে বারগুলো বন্ধ থাকবে। পাশাপাশি আতশবাজি ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে।
তিনি তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে বলেন, থার্টি ফার্স্ট নাইটে উশৃঙ্খলতা দেখা দেয়। বিভিন্ন জায়গায় নানা ধরনের পানীয় গ্রহণের প্রবণতাও লক্ষ্য করা যায়। এগুলো নিয়ন্ত্রণে সবার সহযোগিতা প্রয়োজন।
বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, এ দুটি উৎসব যেন শান্তিপূর্ণভাবে উদযাপিত হয় এবং কোনো ধরনের আইনশৃঙ্খলার অবনতি না ঘটে, তা নিয়ে আমরা আলোচনা করেছি। সবাই যেন আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠান উদযাপন করতে পারে, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।










