ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শারীরিক শিক্ষা কেন্দ্রের সুইমিং পুলে
গোসল করতে নেমে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মুহাম্মদ সোয়াদ (১৯) নামে ওই শিক্ষার্থী
বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং মহসিন হলের আবাসিক ছাত্র
ছিলেন। সোমবার (২২ এপ্রিল) দুপুর পৌনে ২টায় এ ঘটনা ঘটে। সোয়াদের গ্রামের বাড়ি বগুড়া
জেলায়।
প্রত্যক্ষদর্শীরা বণিক বার্তাকে জানান, তীব্র গরমের কারণে দুপুরের
দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল সুইমিংপুলে বন্ধুদের সঙ্গে গোসল করতে যায় সোয়াদ।
এ সময় সোয়াদ বন্ধুদের সঙ্গে খেলা করছিলেন এবং সাঁতার কাটছিলেন। হঠাৎ সে পানিতে ডুবে
যায়। পরে বন্ধুরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সোয়া
২টায় তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নাম অপ্রকাশিত রাখার শর্তে ২০২০-২১ সেশনের এক শিক্ষার্থী
বণিক বার্তাকে বলেন, পানি থেকে উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা দেয়া হয়নি। দ্রুত সময়ের
মধ্যে সোয়াদকে হাসপাতালে নিতে পারলে হয়তো তাকে বাঁচানো যেত। এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের
গাফিলতির অভিযোগ করেন তিনি বলেন, কর্মচারীরা শুধু বাঁশি বাজানোয় ব্যস্ত ছিল, কার্যকর
কোনো পদক্ষেপ নেয়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো.
বাচ্চু মিয়া সাংবাদিকদের জানান, মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের
মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
এ বিষয়ে ঢাবি প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান বলেন, আমি শুনেছি।
এ ব্যাপারে বিস্তারিত পরে জানাতে পারব।










