এক টাকাও আত্মসাৎ না করার পরও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দুর্নীতির মামলায় জড়ানো হয়েছিল বলে আজ সোমবার (৯ ডিসেম্বর) দুদক আয়োজিত দুর্নীতিবিরোধী আলোচনা সভায় বলেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি আরো বলেন, দুদক সাবেক প্রধানমন্ত্রীর দাসে পরিণত হয়েছিল।

বক্তব্যে ড. আসিফ নজরুল বলেন, উপদেষ্টার পদ থেকে যখন ফিরে যাবো, আমার ভাঙা গাড়িটিই দেখবেন। দুর্নীতিবাজরা তাদের দুর্নীতির সম্পদ নিয়ে লজ্জা করে না। আমাদের সমাজে দুর্নীতি গ্রহণযোগ্য হয়ে উঠেছে। দুর্নীতির বিচার হয়নি বলে দুর্নীতি কমছে না।

দুদক আয়োজিত এ সভায় আরো উপস্থিত ছিলেন, দুদক সচিব খোরশেদা ইয়াসমীন। তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে বড় ঐক্য প্রয়োজন। দরকার সামাজিক প্রতিরোধ এবং বিবেক জাগ্রত করা।

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ এর মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে দুর্নীতিবিরোধী আলোচনা সভার আয়োজন করে দুদক। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, দুদক সচিব খোরশেদা ইয়াসমীন প্রমুখ।