মানিকগঞ্জের শিবালয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সোনিয়া বেগম ও তার মেয়ে শিশু জান্নাত নিহত হয়েছেন। আজ শনিবার বেলা ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সোনিয়ার স্বামী ও মোটরসাইকেলচালক আবুল হোসেন আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, আবুল হোসেন টাঙ্গাইল কারাগারের কারারক্ষী। তিনি সাতদিনের ছুটিতে স্ত্রী ও মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতে এসেছিলেন। শনিবার সকালে স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে কর্মস্থল টাঙ্গাইলের উদ্দেশে রওনা হন। টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে স্ত্রী ও তার কোলে থাকা শিশু মেয়ে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে তাদের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক সোনিয়া বেগমকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় তার মেয়েরও মৃত্যু হয়। নিহত সোনিয়া শিবালয় উপজেলার জাফরগঞ্জ পয়লা গ্রামের আরফান আলী শেখের মেয়ে।
বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাকবলিত গোল্ডেন লাইন পরিবহনের বাসটি উথলী এলাকা থেকে আটক করে থানায় নেয়া হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।










