শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে আবারো রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তারিখ পুনর্বিন্যাস করা হয়েছে। এবার তিনদিন এগিয়ে নির্বাচন ২৫ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। এর আগে ভোটগ্রহণের তারিখ ১৫ সেপ্টেম্বর থেকে ১৩ দিন পিছিয়ে ২৮ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম এ ঘোষণা দেন।

তবে ২৮ সেপ্টেম্বর থেকে দুর্গাপূজার মহাষষ্ঠী শুরু হচ্ছে। ওই দিন ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করায় ক্ষোভ প্রকাশ করেন রাজনৈতিক সংগঠন, সাধারণ শিক্ষার্থী ও হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীরা। তাদের প্রতিবাদের মুখে রাতে জরুরি মিটিং ডেকে তারিখ পরিবর্তন করে নির্বাচন কমিশন।

মহাষষ্ঠীতে নির্বাচনের তারিখ ঘোষণা একটি অযৌক্তিক সিদ্ধান্ত বলে উল্লেখ করেন আইন বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী সোমা পাল। তিনি বলেন, ‘দুর্গা পূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এদিন নির্বাচনের তারিখ ঘোষণা করাটা একদম অযৌক্তিক। এ তারিখে নির্বাচন হলে আমরা কোনোভাবেই থাকতে পারব না। একদিন আগে হলেও থাকা সম্ভব হতো। প্রশাসন কি তাহলে চায় না হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করুক? ওই তারিখে ভোট হলে কখনই অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়।’

নতুন তারিখ অনুযায়ী মনোয়নপত্র বিতরণের শেষ দিন ৩১ আগস্ট, মনোনয়নপত্র দাখিল ১-৪ সেপ্টেম্বর ও ৭ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ৮-৯ সেপ্টেম্বর, প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ১১ সেপ্টেম্বর, প্রাথমিক তালিকা সম্পর্কে প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ১৪ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ সেপ্টেম্বর, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ১৬ সেপ্টেম্বর।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীদের কথা ভেবে ভোটগ্রহণের তারিখ ২৫ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। আরো কিছু তারিখ পুনর্বিন্যাস করা হয়েছে। সেগুলো পরে জানানো হবে।’