শহরের হাজীগঞ্জ কেল্লার (দুর্গ) জমি দখল করে অবৈধভাবে গড়ে ওঠা অর্ধশত স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান বিন আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্যাকেজিং কারখানা, গুদামঘর, সিরামিক গোডাউন, দোকানসহ ছোট-বড় মিলিয়ে অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান বিন আলী জানান, হাজীগঞ্জ দুর্গ প্রত্নতত্ত্ব বিভাগের একটি ঐতিহ্যবাহী পুরাকীর্তি। কিন্তু এ স্থাপনার সৌন্দর্য দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। প্রত্নতত্ত্ব বিভাগ সিটি করপোরেশনকে লিখিতভাবে এ দুর্গের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছে। কিন্তু একটি প্রভাবশালী চক্র হাজীগঞ্জ দুর্গের জমি দখল করে ব্যবসাপ্রতিষ্ঠাসহ বিভিন্ন স্থাপনা গড়ে তোলে। উচ্চ আদালতের আদেশে সিটি করপোরেশন এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালায়।