মুন্সীগঞ্জের গজারিয়ায় হাইওয়ে ও থানা পুলিশের টহলরত দুটি গাড়িতে পেছন দিক থেকে আসা দ্রুতগতির কাভার্ড ভ্যানের ধাক্কায়, হাইওয়ে পুলিশের এক সার্জেন্টসহ দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত কাভার্ড ভ্যানের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে দায়িত্ব পালনকালে হাইওয়ে পুলিশ ও থানা পুলিশের দুটি টহল গাড়ি রাস্তার পাশে অবস্থান করছিল। এ সময় পিছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে টহলরত গাড়ি দুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পুলিশের দুটি গাড়িই উল্টে গিয়ে মহাসড়কের ওপর পড়ে যায়।
এ দুর্ঘটনায় হাইওয়ে পুলিশের সার্জেন্ট আহসান হাবিব, কনস্টেবল নয়নসহ মোট দুইজন আহত হন। পরে স্থানীয়রা ও পুলিশ সদস্যরা তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান। তবে আহতদের শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।
এদিকে ঘটনার পরপরই পুলিশ কাভার্ড ভ্যানের চালক ও হেলপারকে আটক করে। দুর্ঘটনার ফলে মহাসড়কের ঢাকামুখী লেনে কিছু সময় যানজটের সৃষ্টি হয়। এতে যান চলাচল ব্যাহত হয় কিছুটা।
ঘটনার প্রত্যক্ষদর্শী, গজারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল সিকদার জানান, টহলরত দুটি গাড়ি মহাসড়কের পাশে অবস্থান করছিল। এ সময় একটি কাভার্ড ভ্যান সজোরে ধাক্কা দিলে থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের দুটি গাড়িই উল্টে যায়। এতে হাইওয়ে পুলিশের এক সার্জেন্ট ও এক পুলিশ সদস্য আহত হন।
বিষয়টি নিশ্চিত করে,ভবেরচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, দুর্ঘটনার পর যানজট নিরসনে পুলিশ কাজ করছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়া এ দুর্ঘটনা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।











