রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন- এমন গুঞ্জনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, তিনি পদত্যাগ করতে চাইলে সেই অপশন (সুযোগ) আছে। তবে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কিছু বলা হয়নি। আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
রাষ্ট্রপতির পদক্ষেপ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যদি রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে হোক বা যেকোনো কারণে পদত্যাগ করতে চান সেই অপশন তো ওনার আছে। আমিও এগুলো (পদত্যাগ প্রসঙ্গ) শুনছি। আর তিনি যদি পদত্যাগ করতে চান, সাংবিধানিকভাবে সেটা স্পিকার বরাবর পদত্যাগপত্র দিতে হয়। এইটুকু নিয়ম আছে জানি, এর বাইরে কিছু জানি না।
রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সরকারের কোনো পদক্ষেপ আছে কি না, এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের কোনো পদক্ষেপ নাই এখানে।
এ সময় আরেক প্রশ্নে মন্ত্রী বলেন, আপনারাই তো বললেন এটা একটা গুঞ্জন, শোনা যাচ্ছে-তো গুঞ্জন তো গুঞ্জনই। আর এটা যদি ঘটনা হয়, সেটা তো আমরাও দেখব।
পরে এক সাংবাদিক গণমাধ্যমে খবরের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করতে পারেন। স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করতে চেয়েছেন কিনা প্রশ্নে মন্ত্রী বলেন, সেটা ওনাকে জিজ্ঞেস করতে হবে।
গণমাধ্যমে খবর এসেছে লন্ডনে চিকিৎসা নিতে গিয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলাপ করেছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এমন প্রসঙ্গ তুলে সাংবাদিকরা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেটা আমি জানি না।










