পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে নদীর পানিতে লবণাক্ততা বাড়ছে। এটি একটি বৈশ্বিক সমস্যা। প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে আমাদের বাঁচতে হবে। এ সমস্যা সমাধানে কাজ করছেন বিশেষজ্ঞরা। গতকাল দুপুরে বরিশাল সদর উপজেলা মিলনায়তনে উপজেলা ডায়রিয়া রোগীদের আইভি স্যালাইন ও কর্মহীনদের ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী আরো বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে এবার প্রতিবেশী রাষ্ট্র ভারত, নেপাল ও ভুটানে বৃষ্টিপাত কম হচ্ছে। উজানে পানির চাপ না থাকায় ভাটির দিকে পানি নেমে আসছে না। এদিকে জোয়ারের সময় সমুদ্রের লবণাক্ত পানি নদীতে ঢুকছে। এ কারণে নদীর পানিতে লবণাক্ততার পরিমাণ বেশি। যেভাবেই হোক না কেন এ সমস্যা মোকাবেলা করতে হবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক সজীম উদ্দীন হায়দার, সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।