রাজধানীর বংশালের সিদ্দিক বাজারের একটি আবাসিক হোটেল থেকে মো. শামিম হাসনাত (৪৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে দিকে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মাহফুজুল হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সকালের দিকে খবর পেয়ে বংশাল থানাধীন সিদ্দিক বাজার এলাকার ঢাকা প্যালেস নামে একটি আবাসিক হোটেলের চতুর্থ তলার ১২১ নম্বর কক্ষ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, হোটেল ম্যানেজারের কাছ থেকে জানতে পারি, গত ঈদের পর থেকে হোটেলের ওই কক্ষে ভাড়া থাকতেন শামিম। তবে তিনি কি কাজ করতেন সে বিষয়ে আমরা এখনো জানতে পারিনি। তবে প্রাথমিকভাবে ভাইয়ের জুতার দোকান থেকে টাকা নিয়ে চলাফেরা করতেন বলে জেনেছি। আমাদের ধারণা, অতিরিক্ত মাদক সেবনে তার মৃত্যু হয়ে থাকতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
আবাসিক হোটেলের মালিক মো. আবদুল কাদির জানান, গতকাল রাত থেকেই তার কক্ষটি বন্ধ ছিল। পরে সকালে হোটেলের ঝাড়ুদার সাহিদা বেগম কক্ষের দরজা ধাক্কা দিতেই দেখতে পান, বিবস্ত্র অবস্থায় ওই ব্যক্তি পড়ে আছেন। পরে আমরা বিষয়টি স্থানীয় থানা পুলিশকে জানাই।
শামিমের বড় ভাই মোশারফ হোসেন জানান, আমার ছোট ভাই কোন কাজকর্ম করত না। আমার কাছ থেকে হাত খরচ নিয়ে চলত। প্রায় দশ বছর আগে সে বিয়ে করেছিল। বিয়ের দুই মাসের মধ্যেই তাদের ডিভোর্স হয়ে যায়। তবে আমার ভাই ইয়াবা সেবনে আসক্ত ছিল। এ কারণে বাবা তাকে ২০১৮ সালে বাসা থেকে বের করে দেয়। আজকে আমি কর্মস্থলে এসে টেলিফোনে জানতে পারি আমার ভাই ওই হোটেলে মৃত অবস্থায় পড়ে আছে।










