খাগড়াছড়ির দীঘিনালায় বজ্রপাতে বসতবাড়িতে আগুন লেগে এক নারী ও তার শিশু সন্তানের মৃত্যু হয়েছে। রোববার (৫ মে) ভোরে দীঘিনালা উপজেলার মধ্যবেতছড়ির গোরস্তান পাড়ায় ছাদেক মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, হাসিনা বেগম (৩২) তার ৫ বছরের শিশু মো. হানিফ।


প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে বৃষ্টি ও বজ্রপাত হয়। বজ্রপাতে তাদের টিনের চালা দেয়া মাটির ঘরে আগুন লাগলে মা ও এক শিশুর মৃত্যু ঘটে।


দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পংকজ বড়ুয়া জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে পুড়ে যাওয়া বাড়ির ভেতর থেকে মা ও শিশুর লাশ উদ্ধার করা হয়।


দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক জানান, ভোর সাড়ে ৫টার দিকে একটি ঘরে বজ্রপাত হয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এদিকে খাগড়াছড়ির রামগড়ে বজ্রপাতে গনজ মারমা নামে অপর একজনের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দুর্গম হাজাছড়া এলাকার বাসিন্দা। বজ্রপাতে তার দুটি গরুও মারা যায়।

স্থানীয় কারবারী চাইলাপ্রু মারমা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে বাড়ির উঠান থেকে গরু এনে গোয়াল ঘরে ঢোকনোর সময় বজ্রপাত হয়। এ সময় ঘটনাস্থলেই মারা যান গনজ মারমা।