জরুরি রোগী পরিবহনের জন্য রাঙ্গামাটির দুর্গম জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি নৌ অ্যাম্বুলেন্স দেয়া হয়েছে। গতকাল রাঙ্গামাটি জেলা শহরের উন্নয়ন বোর্ড অবতরণ ঘাটে উপজেলা পরিচালন ও উন্নয়ন (ইউজিডিপি) প্রকল্পের অর্থায়নে জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য বরাদ্দকৃত নৌ অ্যাম্বুলেন্সটির উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হেলালুদ্দীন আহমদ। তবে রোগী পরিবহনের ক্ষেত্রে এ অ্যাম্বুলেন্সের জ্বালানি খরচ পরিশোধ করতে হবে রোগীর পরিবারকে।
নৌ অ্যাম্বুলেন্স উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. বিপাশ খীসা, জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অনন্যা চাকমা প্রমুখ।
এ সময় জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অনন্যা চাকমা বলেন, দুর্গম জুরাছড়ি উপজেলায় সড়কপথ না থাকায় যোগাযোগের জন্য একমাত্র নৌপথ। জরুরি রোগী পরিবহনের জন্য আগে তেমন বিশেষ কোনো সুযোগ ছিল না। এই নৌ অ্যাম্বুলেন্সটি জরুরি রোগী পরিবহনের জন্য বিশেষভাবে কাজে আসবে।
এদিকে, জুরাছড়িবাসীর কাঙ্ক্ষিত নৌ অ্যাম্বুলেন্স হস্তান্তর শেষে স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হেলালুদ্দীন আহমদ বলেন, সরকার জনগণের স্বাস্থ্যসেবার কথা চিন্তা করে দুর্গম সড়কবিহীন উপজেলাগুলোতে নৌ অ্যাম্বুলেন্স দিয়ে যাচ্ছে।










