২০২৫ সালে আয়ের থেকে ব্যয় বেশি হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর। দলটি ওই বছর আয়ের থেকে ২৩ লাখ ৬২ হাজার ৭৯৫ টাকা বেশি ব্যয় করেছে। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে ২০২৫ সালে জামায়াতে ইসলামীর আয়-ব্যয়ের হিসাব জমা দেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। সেই হিসাব থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জামায়াতে ইসলামীর জমা দেয়া হিসাবে দেখা গেছে, ২০২৫ সালে দলটি আয় করেছে ২৩ কোটি ৬৮ লাখ ২৪ হাজার ১৩৯ টাকা। আর সে বছর ব্যয় করেছে ২৩ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ৯৩৪ টাকা। দলটির কাছে বর্তমানে আছে ১৫ কোটি ৪৯ লাখ ৪৪ হাজার ৪২৮ টাকা। এর মধ্যে নগদ আছে ৭ কোটি ৫১ লাখ ১৩ হাজার ৬৫ টাকা। আর দলটির ব্যাংকে আছে ৭ কোটি ৯৮ লাখ ৩১ হাজার ৩৬৩ টাকা। এছাড়া ২০২৪ সালে দলটির আয়-ব্যয় শেষে দলটির কাছে ছিল ১৫ কোটি ৭৩ লাখ ৭ হাজার ২২৩ টাকা।

দলের আয় থেকে ব্যয় কেন বেশি জানতে চাইলে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, 'গত বছর আমরা বেশি কাজ করেছি, তাই ব্যয় বেশি হয়েছে।'

দলের আয়ের উৎস সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, 'আমাদের আয়ের উৎস হচ্ছে, নেতাকর্মীরা নিয়মিত দান-অনুদান, নিয়মিত চাঁদা দেন। দ্বিতীয় হচ্ছে, আমাদের দলের সুধী ও শুভাঙ্খীরা আছেন দান করেন। তৃতীয় হচ্ছে, আমাদের বিভিন্ন প্রকাশনা থেকে আয় হয়।'

দলের ব্যয়ের উৎস প্রসঙ্গে তিনি আরো বলেন, 'আমাদের অফিস ম্যানেজমেন্ট একটা বড় খরচ আছে। এ ছাড়া বিভিন্ন ধরনের মিটিং, সমাবেশ, বৈঠক, নেতাদের সফর, নেতারা বিভিন্ন জায়গায় মিটিং, বড় আকারের জনসভা-এগুলোতে বড় আকারের খরচ হয়।'