ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, পারস্পরিক বোঝাপড়া ও আলোচনার মাধ্যমে সমাধান করা যায় না—এমন কোনো সমস্যা নেই। দিন শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দুই দেশের জনগণ। জনগণের স্বার্থে উভয় দেশের জন্য যা কল্যাণকর, সেটিই এগিয়ে নেয়া উচিত।
বুধবার (২৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনার বিষয়ে জানতে চাইলে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘পারস্পরিক বোঝাপড়া ও আলোচনার মাধ্যমে সমাধান করা যায় না—এমন কোনো সমস্যা নেই। শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষ। জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক এবং উভয় গণতান্ত্রিক দেশের মানুষের জন্য যা কল্যাণকর, সেটিই আমাদের লক্ষ্য হওয়া উচিত।’










