নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ত্রিবরদী এলাকা থেকে ৩৭টি গরুসহ একটি ট্রাক ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গতকাল ভোররাতে ডিবি পুলিশ পরিচয়ে গরুসহ ওই ট্রাক ছিনতাই হয় বলে জানিয়েছেন গরুর মালিক রবিউল ইসলাম। এ ঘটনায় বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেছেন তিনি। তবে ছিনতাই হওয়া ট্রাকটি পরে মাওয়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

গরুর মালিক রবিউল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকালে ৩০ লাখ টাকা মূল্যের ৩৭টি গরুভর্তি ট্রাক চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। ত্রিবরদী এলাকায় আসার পর ভোরে ট্রাকটি ডিবি পুলিশ পরিচয়ে গতিরোধ করে। পরে ট্রাকচালক শাহ আলম, হেলপার ফরিদুল ইসলাম ও তাকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে ঢাকার দিকে পালিয়ে যায়।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান বলেন, ছিনতাই হওয়া ট্রাকটি মাওয়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ছিনতাই হওয়া গরুগুলো উদ্ধারের জন্য কয়েকটি টিম কাজ করছে।