কক্সবাজারের উখিয়ায় এক রোহিঙ্গা যুবককে জবাই করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
আজ রোববার (৫ মে) ভোর ৬টার দিকে রোহিঙ্গা ক্যাম্পের ১৮ এর ব্লক— এম ১৭ রেড ক্রিসেন্ট অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম নূর কালাম (২৯)। তিনি উখিয়ার ক্যাম্প ১৯ ডি/১৪ ব্লকে আশ্রিত
ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ওসি মো. শামীম হোসাইন জানান, সকালে
নূর কালাম (২৯) নামে ওই যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা
হচ্ছে, ভোরে একদল রোহিঙ্গা দুষ্কৃতকারী তাকে জবাই করে মরদেহ ফেলে রেখে চলে যায়।
পুলিশ কর্মকর্তা বলেন, খবর পেয়ে উখিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল
থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। এ
বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ বিষয়ে এপিবিএনের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর জানিয়েছেন,
কারা এবং কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের
চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।










