দেশের এভিয়েশন খাতের বিদ্যমান সম্ভাবনা, চ্যালেঞ্জ, বিনিয়োগের সুযোগ, অবকাঠামোগত উন্নয়ন, নীতিগত সংস্কার, আগামীর করণীয় নিয়ে ‘বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে বিশ্বমানের এভিয়েশন’ শীর্ষক পলিসি কনক্লেভ শুরু হয়েছে। আজ শনিবার বিকাল ৫টায় রাজধানীর কুর্মিটোলার ইউনাইটেড কনভেশন সেন্টারের দ্য প্রেস্টিজে এ পলিসি কনক্লেভের আয়োজন করেছে দৈনিক বণিক বার্তা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত রয়েছেন। বিশেষ অতিথি হিসেবে রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। অনুষ্ঠানে ‘বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে বিশ্বমানের এভিয়েশন’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেবিচকের সাবেক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) মাহমুদ হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন বণিক বার্তার সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ। অনুষ্ঠানে দেশের এভিয়েশন খাতসংশ্লিষ্ট নীতিনির্ধারক, বিশেষজ্ঞ, কূটনীতিক, উদ্যোক্তা ও দেশী-বিদেশী বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
আয়োজকরা জানান, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য অর্জনে দেশের এভিয়েশন খাতের আধুনিকায়ন ও টেকসই উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে দেশের জিডিপিতে এভিয়েশন খাত বছরে ৫৩০ কোটি ডলারের (জিডিপির প্রায় ১ দশমিক ২ শতাংশ) অবদান রাখছে এবং এ খাতে প্রায় পৌনে পাঁচ লাখ মানুষের কর্মসংস্থান রয়েছে।
বছরে ১ কোটি ২০ লাখের বেশি আন্তর্জাতিক যাত্রী দেশের বিমান পরিবহন ব্যবস্থা ব্যবহার করছেন। আগামী এক দশকে দেশের বিমান পরিবহনের বাজার ১৬০ শতাংশ বাড়বে এবং অর্থনীতিতে বছরে আরো প্রায় ২ দশমিক ১ বিলিয়ন ডলার যোগ হবে বলে পূর্বাভাস রয়েছে।










