বঙ্গোপসাগরে অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরার অপরাধে আটক হওয়া ৩১ ভারতীয় জেলে এক মাস ছয়দিন কারাভোগ শেষে মুক্তি পেয়েছেন। গতকাল দুপুরে আদালতের নির্দেশে বাগেরহাট জেলা কারাগার থেকে এসব জেলেকে মুক্তি দেয়া হয়। এ সময় বাগেরহাটের জেল সুপার এসএম কামরুল হুদা, বাগেরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান, ভারতীয় হাইকমিশনারের প্রতিনিধি প্রভাত মুন্দা উপস্থিত ছিলেন। পরে সড়ক পথে পুলিশ পাহারায় মোংলায় নেয়া হয় মুক্তি পাওয়া জেলেদের। বিকালে মোংলা ফেরিঘাট এলাকায় থাকা দুটি ট্রলারে করে ভারতের দক্ষিণ চব্বিশপরগনার উদ্দেশে রওনা দেন তারা।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, মুক্তি পাওয়া জেলেরা এফবি মা ও মঙ্গলচণ্ডী নামক দুটি ট্রলারে রওনা দিয়েছেন। মুক্তি পাওয়া জেলেদের বাড়ি ভারতের দক্ষিণ চব্বিশপরগনা জেলার কাকদ্বীপসহ বিভিন্ন এলাকায়।
বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার অপরাধে গত ৩১ আগস্ট সন্ধ্যায় এফবি মা ও মঙ্গলচণ্ডী নামের দুটি ট্রলারসহ ৩১ ভারতীয় জেলেকে আটক করে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা। পরে ১ সেপ্টেম্বর দুপুরে আটক ভারতীয় জেলেদের কোস্টগার্ড পশ্চিম জোনের মোংলা সদরদপ্তরে আনা হয়। ২ সেপ্টেম্বর আদালতের মাধ্যমে বাগেরহাট কারাগারে পাঠানো হয় ওই জেলেদের।










