চাচাকে গালাগালের প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে বাবাকে ছুরিকাঘাতে হত্যা করেছেন মমিনুল ইসলাম পিয়াস নামের এক যুবক।
গতকাল বেলা ১১টার দিকে নগরীর রাজপাড়া থানার অচিনতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবুল বাসার জুয়েল (৪৫) ওই এলাকার মজিবুর রহমানের ছেলে।
নিহতের আরেক ছেলে সুজন ইসলাম বাদী হয়ে ভাই পিয়াসের নামে হত্যা মামলা করেছেন।
এ ঘটনার পর নিজ বাড়ি থেকে অভিযুক্ত পিয়াসকে গ্রেফতার করেছে পুলিশ।
নগরীর রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম স্বজনদের বরাত দিয়ে বলেন, মাদকাসক্ত পিয়াস বেপরোয়া জীবনযাপন করতেন।
কয়েক দিন আগে ঢাকায় বসবাসরত চাচার কাছে মাদক কেনার জন্য টাকা চেয়েছিলেন তিনি।
কিন্তু চাচা তাকে টাকা দেননি।
এ নিয়ে গতকাল সকালে চাচাকে উদ্দেশ্য করে গালি দিচ্ছিলেন পিয়াস।
এর প্রতিবাদ জানান বাবা জুয়েল।
এতে ক্ষিপ্ত হয়ে বাবাকে ছুরিকাঘাত করেন ওই যুবক।
টের পেয়ে স্বজনরা দ্রুত বাবা জুয়েলকে উদ্ধার করে রামেক হাসপাতালে নেন।
এ সময় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে নেয়া হয়।
ওসি আরো বলেন, বাবাকে ছুরিকাঘাতের পর পিয়াস বাড়ি থেকে পালানোর চেষ্টা করেছিলেন।
কিন্তু থানা পুলিশের টহল দল দ্রুত সেখানে পৌঁছে যাওয়ায় তার সে চেষ্টা ব্যর্থ হয়ে যায়।
পরে তাকে থানায় নেয়া হয়।
এ নিয়ে নিহতের আরেক ছেলে বাদী হয়ে মামলা করেছেন।
পুলিশ এ ঘটনায় আইনত ব্যবস্থা নিচ্ছে।










