বিরোধী দলের নেতাকর্মীদের মিথ্যে মামলায় কারান্তরীণ করার নির্মম খেলায় সরকার মেতেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। নেতাকর্মীদের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেন বিএনপি মহাসচিব। 

মির্জা বলেন, ‘৭ জানুয়ারি প্রহসনমূলক ও একতরফা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জোর করে ক্ষমতা কুক্ষিগত করে দখলদার আওয়ামী অবৈধ সরকার অশুভ উদ্দেশ্য নিয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলায় সাজা প্রদান এবং আদালতকে দিয়ে জামিন নামঞ্জুর ও কারান্তরীণ করার নির্মম খেলায় মেতে উঠেছে। আর সেটিরই ধারাবাহিকতায় দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র আব্দুস সাত্তার মিলনের জামিন নামঞ্জুর ও কারাগারে প্রেরণের ঘটনা ঘটছে। দখলদার আওয়ামী ফ্যাসিস্ট সরকারের এ ধরনের জুলুম বন্ধ না হলে দেশ চরম নৈরাজ্যে নিপতিত হবে। আর তাই জনগণ বর্তমান ডামি আওয়ামী সরকারের ভয়াবহ দুঃশাসন প্রতিরোধে আন্দোলন-সংগ্রামে আরো বেশি বলীয়ান হয়ে উঠেছে।’