চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পদে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের যোগদান প্রত্যাখ্যান করে গতকাল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনের (টিএসসি) সামনে থেকে মিছিলটি শুরু হয়। এ সময় মিছিল থেকে শিক্ষার্থীরা সায়েম স্যারকে ভিসি হিসেবে চেয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
মিছিলটি টিএসসি থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে আন্দোলনরত শিক্ষার্থীরা নতুন উপাচার্যের যোগদানকে ঘিরে তাদের অবস্থান জানান এবং পরবর্তী কর্মসূচি-দেয়াল লিখনের ঘোষণা দেন।
মিছিলে অংশ নেয়া তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আকরাম হোসেন সুজন বলেন, ‘উপাচার্য পদে অধ্যাপক শেখ শরীফুল আলম যোগদানপত্র পাঠিয়েছেন বলে জানতে পেরেছি। এর প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল করেছি। আমাদের শিক্ষকরাও আগামীকাল থেকে পূর্ণ কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন। আমরা কোনোভাবেই অধ্যাপক শরীফুল আলমকে উপাচার্য হিসেবে চাই না।’
এর আগে বৃহস্পতিবার ক্যাম্পাসে উপস্থিত না হয়ে রাষ্ট্রপতি ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত যোগদানপত্র অনলাইনে পাঠান অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। ওই যোগদানপত্রে তিনি চুয়েটের উপাচার্য পদে যোগদানের বিষয়টি উল্লেখ করেন।
গত ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের উপাচার্য নিয়োগ দেয়া হয়। এর আগে ২৭ জুলাই অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল। ৫৬ দিনের মাথায় তাকে সরিয়ে নতুন উপাচার্য নিয়োগের পর থেকেই শিক্ষার্থীরা আন্দোলন করে আসছেন। এ নিয়ে কয়েক দিন ধরে উত্তাল চুয়েট ক্যাম্পাস।










