বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় বিয়েবাড়িতে হামলা করে দুজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নে সলদি গ্রামের স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুর রব ঢালীর বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। পার্শ্ববর্তী হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কালাম বেপারীর ভাইদের নেতৃত্বে হামলা হয়েছে বলে দাবি ঘটনার শিকার পরিবারটির। হামলার শিকার পরিবারটিও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
এদিকে সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ এবং সেখানে উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতরা হলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুর রব ঢালীর বড় ভাই আব্দুস ছাত্তার ঢালী (৫৫) ও প্রতিবেশী সিদ্দিকুর রহমান (২৮)।
স্থানীয়রা জানান, উলানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে স্থানীয় আওয়ামী লীগের উত্তর উলানিয়ার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য আ. রব ঢালী ও পার্শ্ববর্তী ধুলখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কালাম বেপারীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গতকাল বিয়েবাড়িতে হামলা চালিয়ে দুজনকে কুপিয়ে হত্যা করা হয়।
উত্তর উলানিয়ার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য আব্দুর রব ঢালী জানান, গতকাল দুপুরে তার মেয়ের ঘরের নাতি সাথী আক্তারের বিয়ের অনুষ্ঠান ছিল। দুপুরে বরযাত্রী আসার কথা ছিল। বেলা ১১টার দিকে ৫০-৬০ জন লাঠিসোটা ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে বিয়েবাড়িতে হামলা করে। হামলাকারীরা ধারালো অস্ত্র নিয়ে বসতবাড়িতে ও যাকে সামনে পেয়েছে তাকে কুপিয়েছে। এ সময় প্রতিবেশী আওয়ামী লীগ কর্মী সিদ্দিকুর রহমানকে ঘটনাস্থলেই কুপিয়ে হত্যা করা হয়। গুরুতর আহত তার (রব ঢালী) ভাই ছাত্তার ঢালী ও ইসমাইল ঢালীকে স্পিডবোটযোগে বরিশালে আনা হচ্ছিল। পথে ছাত্তার ঢালী মারা যান।
ধুলখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কালাম বেপারী অভিযোগ অস্বীকার করে বলেন, গত মাসে দক্ষিণ উলানিয়ায় সংঘর্ষে দুজন নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলায় তিনিও আসামি। এ কারণে গত এক মাস ধরে আত্মগোপনে ঢাকায় আছেন। সালথা গ্রামে হামলার সঙ্গে তার ভাইয়েরা জড়িত নন। তাকে ফাঁসাতে ঢালী পরিবার নিজেরাই এ হামলার ঘটনা ঘটিয়েছে।
এ ব্যাপারে মেহেন্দীগঞ্জ থানার ওসি আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।










